বিশ্বের শীর্ষ ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি

২০২৩ কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পায়নি। তবে গত বছরের মতো এবারও ৮০০ থেকে ১০০০তম স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কিউএসের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ র‌্যাঙ্কিং থেকে এসব তথ্য পাওয়া যায়।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কিউএস মূলত শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করে। ৮ জুন বিশ্বসেরা ১ হাজার ৫০০টি বিশ^বিদ্যালয়ের তালিকা প্রকাশ করে তারা। তবে ৫০০তম স্থানের পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি সংস্থাটি।

এ নিয়ে ২০১২ সাল থেকে কিউএস র‌্যাঙ্কিংয়ে পেছনে হটছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেবার ঢাবির অবস্থান ছিল ৬০১-এর মধ্যে। তবে ২০১৪ সালে তা পিছিয়ে ৭০১তম স্থানের পরে চলে যায়।

সদ্য প্রকাশিত কিউএস র‌্যাঙ্কিংয়ে ১০০১ থেকে ১২০০তম স্থানের মধ্যে আছে দেশের শীর্ষ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও ব্র্যাক।

এই বছর সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের ৫টিই যুক্তরাষ্ট্রের। এ ছাড়া বাকি ৫টির মধ্যে যুক্তরাজ্যের ৪টি এবং সুইজারল্যান্ডের ১টি বিশ্ববিদ্যালয় আছে।

গতবারের মতো এবারও তালিকার এক নম্বরে আছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এ ছাড়া ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৩’-এ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে প্রতিবেশী দেশ ভারতের ৯টি ও পাকিস্তানের ৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।