মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের ভেতরে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিদের একটি দল ও তাদের অনুসারী কিশোর গ্যাং সদস্যরা। হামলায় গুরুতর আহত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক। তাকে হামলা থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনসহ আরও ১০ জন। গতকাল শুক্রবার আদমজী শাহী জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
হামলায় আহত এসআই আজিজুল হককে প্রথমে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে দ্রুত ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠান।
বিল্লাল হোসেন রবিন জানান, এসআই সৈয়দ আজিজুল হক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের বিট পুলিশিং কার্যালয়ের ইনচার্জ। তিনি জুমার নামাজ আদায় করতে গতকাল আদমজী শাহী জামে মসজিদে যান। জামাত শুরুর আগে তার বিট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান। এ সময় ভারতে মহানবী হজরত মুহম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদ যেন সহিংস না হয় এমন আহ্বান জানান। ঠিক তখনই মাথায় টুপি ছাড়াই নামাজ পড়তে আসা আদমজী বিহারি কলোনির ১৫-১৭ বছর বয়সী ২০-২৫ মুসল্লিবেশী কিশোর পুলিশ কর্মকর্তা আজিজুল হকের ওপর হামলা চালায়। শুরু করে বেধড়ক মারধর। প্রথমে মসজিদের ভেতরে, পরে বাইরে গিয়েও তিন দফা হামলা চালায় তারা।
বিল্লাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘সম্প্রতি এসআই আজিজুল বিহারি কলোনিতে কয়েক দফা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও বহু মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে তার বক্তব্যকে ইস্যু করে হামলার ঘটনা ঘটানো হয়েছে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হামলা। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামলাকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হবে।’