গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে জগদীশ বসু (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জগদীশ বসু কোটালীপাড়া উপজেলার বৈকন্ঠপুর গ্রামের প্রেম চাঁদ বসুর ছেলে।
উপপরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ জানান, শনিবার সকালে বৈকন্ঠপুর গ্রামে কুদ্দুসের মৎস্য ঘেরের পাড়ে নিহত জগদীশ বসু ঘাস কাটতে যান।
এ সময় জমিতে অবৈধ ভাবে থাকা বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে জগদীশ বসুর ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে মাহবুবসহ তিনজনকে আটক করেছে পুলিশ।