ডিবিএইচ বন্ডে ১১৬ কোটি টাকা বিনিয়োগ করছে মেটলাইফ

দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই অর্থায়নের সুযোগ করে দেওয়া এবং গ্রাহকদের বীমা পলিসিতে অধিকতর রিটার্ন প্রদানের লক্ষ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) ইস্যুকৃত জিরো কুপন বন্ডে ১১৬ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফ এই বন্ডের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। নতুন এই বিনিয়োগ মেটলাইফের পোর্টফোলিওকে আরও শক্তিশালী করেছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ড ইস্যু করার ক্ষেত্রে লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে। এই বন্ডের মাধ্যমে ডিবিএইচ ৩০০ কোটি টাকা অর্থায়ন সংগ্রহের ব্যবস্থা করছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বেশি মানুষের আবাসন অর্থায়ন চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারবে। এই বন্ড চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের ডিএমডি ও সিএফও আলা উদ্দিন; ডিবিএইচের এমডি ও সিইও নাসিমুল বাতেন; ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি ও সিইও তানজিম আলমগীর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সরকারি বন্ডে ১৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে মেটলাইফের। এ ছাড়া প্রতিষ্ঠানটির ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে দেশের প্রথম বেসরকারি খাতের গ্যারান্টিযুক্ত বন্ডে ২১০ কোটি টাকার বিনিয়োগ।

এই বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘মেটলাইফ বাংলাদেশের অসীম সম্ভাবনায় বিশ^াস করে। দেশে দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগের মাধ্যমে আমরা স্থানীয় করপোরেটদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণে আমাদের আন্তর্জাতিক মানের পোর্টফোলিও ব্যবস্থাপনার দক্ষতাকে কাজে লাগাচ্ছি।’ বিজ্ঞপ্তি