দুনিয়া কাঁপানো হলিউড সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজ ও ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’সহ বিখ্যাত সব ছবিতে অভিনয় করে সাড়া জাগিয়েছেন ফ্রাঙ্ক গ্রিলো। দর্শক কখনো নায়ক, কখনো খলনায়ক হিসেবে তাকে আপন করে নিয়েছে। ক্রিস ইভানস, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, লিয়াম হেমসওয়ার্থদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, এই অভিনেতা এবার নতুন অ্যাকশন সিনেমা ‘এমআর-৯’-এ যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে সিনেমাটির শ্যুটিং হবে। লেখক ও পরিচালক আসিফ আকবারের এই স্পাই থ্রিলার বাংলাদেশের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজ থেকে নেওয়া হয়েছে। এটি লিখেছেন প্রয়াত ঔপন্যাসিক কাজী আনোয়ার হোসেন। গল্পটি অনেক রহস্যে মোড়ানো। এখানে গ্রিলকে দেখা যাবে সিক্রেট এজেন্ট মাসুদ রানার প্রতিপক্ষ হিসেবে। ধারণা করা হচ্ছে, খল চরিত্রে বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন। আর প্রধান চরিত্র মাসুদ রানার ভূমিকায় অভিনয় করছেন এ বি এম সুমন। মাসুদ রানা বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে দেখা দেবেন। তবে ফ্রাঙ্ক এখনো সিনেমায় শ্যুটিংয়ে অংশ নেননি। আগামী ১৩ জুন থেকে তিনি শ্যুটিংয়ে অংশ নেবেন।