যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধ্যতামূলক করোনা পরীক্ষার বিধি শিথিল করছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে কভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার বাধ্যবাধকতা তুলে নিতে যাচ্ছে দেশটির ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্র্তৃপক্ষ।
বিমানবন্দরগুলোতে আজ রবিবার থেকে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশটিতে টিকাদান, কভিড আক্রান্তের হার এবং জনগণের রোগ প্রতিরোধ সক্ষমতা যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়াকে স্বাগত জানিয়েছে ভ্রমণশিল্প সংশ্লিষ্টরা। ভ্রমণকারীদের প্রবেশে কভিড নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই সিদ্ধান্ত নিতে সরকারকে তাগাদা দিয়ে আসছিল তারা।
নতুন এই সিদ্ধান্তে যেন বিড়ম্বনায় না পড়তে হয়, সে জন্য এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় দেশটির সরকার। আইনপ্রণেতা, বিশেষ করে ডেমোক্র্যাটরাও চাইছিলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে কভিড নিষেধাজ্ঞা উঠে যাক।
সিনেটর ক্যাথেরিন কর্টেজ মাস্টো বলেন, ‘আন্তর্জাতিক ভ্রমণকারীদের ওপর থেকে করোনা পরীক্ষার বোঝা উঠে যাচ্ছে বলে আমি আনন্দিত। দেশের সেবা খাত যেন করোনা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’
যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলোর সংগঠন এয়ারলাইনস ফর আমেরিকা আশা করছে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আরও বেশিসংখ্যক বিদেশি ভ্রমণকারী দেশে ঢুকতে পারবেন।
অনেক পরে এই বোধোদয় হওয়ায় বাইডেন প্রশাসনের হালকা সমালোচনাও করছেন অনেকে। যেখানে যুক্তরাষ্ট্রের নিজের দেশের মানুষদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে, সেখানে কেবল বিদেশ থেকে আসাদের জন্য এখন আর নিষেধাজ্ঞার কোনো মানে নেই বলে মনে করেন দেশটির ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ ডা. উইলিয়াম শাফনার।