দেশে আবার করোনা শনাক্তের হার বেড়ে ২ শতাংশের ঘরে উঠেছে। পাশাপাশি ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কভিড রোগীর সংখ্যা আবারও ১০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৬ শতাংশ ও রোগী শনাক্ত হয়েছে ১০৯ জন। নতুন রোগীর মধ্যে ১০১ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২, চট্টগ্রামে ২, জয়পুরহাটে ৩ ও নওগাঁয় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এর আগে সর্বশেষ ২৫ মার্চ ১০০ জনের বেশি কভিড রোগী শনাক্ত হয়েছিল দেশে। সেদিন ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। গত ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নামে। ধারাবাহিকভাবে কমতে কমতে একপর্যায়ে তা ১০০-এর নিচে নেমে আসে।
সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে ২২ মের পর থেকে টানা ১০ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। আগের দিন গত শনিবার সারা দেশে ৭১ জন রোগী শনাক্ত হয়েছিল, তার আগের দিন এ সংখ্যা ছিল ৬৪।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০৬ শতাংশ। আগের দিন এই হার ১ দশমিক ১৪ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ রয়েছে।