অঞ্জন চৌধুরী ও রুবানা হককে অ্যাটকোর সংবর্ধনা

অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হওয়ায় অ্যাটকোর কার্যনির্বাহী পরিচালক ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হককে সংবর্ধনা দিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। গতকাল রাজধানীর দি ওয়েস্টিন হোটেলের বলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকরা জানান, অঞ্জন চৌধুরী সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং ড. রুবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হয়েছেন। এজন্য তাদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটির অন্যতম আয়োজক ছিলেন অ্যাটকোর পরিচালক, এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সঞ্চালনা করেন অ্যাটকোর সিনিয়র ভাইস চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পুরস্কার পাওয়ার পর মানুষের দায়িত্ব বেড়ে যায়। আমি অঞ্জন চৌধুরীকে অনুরোধ করব আগামী এক বছরে আরও অন্তত ৫টি সিনেমা যেন প্রযোজনা করেন। পাশাপাশি বেশ কয়েকটি সিনেপ্লেক্স যেন তিনি নির্মাণ করেন। আমাদের সিনেমা শিল্প এখন উন্নতির পথে হাঁটছে। সিনেপ্লেক্সগুলো ব্যবসাসফল হচ্ছে। দেশে যদি আরও অন্তত ১০০টা সিনেপ্লেক্স হয়, আমাদের সিনেমা শিল্প আরও উন্নত হবে।’

মঞ্চে উপবিষ্ট সালমান এফ রহমানকেও সিনেমায় বিনিয়োগ করার অনুরোধ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

সালমান এফ রহমান বলেন, ‘নিজের পরিবারের কেউ যখন জাতীয়ভাবে কিছু অর্জন করেন, তখন আমরাও খুব গর্বিত হই।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘ভালো সিনেমার অনেক অভাব। অঞ্জন চৌধুরী একটি ভালো সিনেমা প্রযোজনা করেছেন, আমি আশা করব তিনি আরও ভালো সিনেমা প্রযোজনা করবেন। তিনি আরও জাতীয় পুরস্কার অর্জন করবেন।’

অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে ড. রুবানা হক বলেন, এই সংবর্ধনা দেওয়ার জন্য অ্যাটকোর কাছে কৃতজ্ঞতা জানাই। প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া এই সংবর্ধনায় খুব ভালো লাগছে। আমি খুব অনুপ্রেরণা পেয়েছি।

অঞ্জন চৌধুরী বলেন, তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কার পেয়েছি। এই পুরস্কারটি পেয়েছি ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে। এর আগে মনপুরা সিনেমার জন্য পুরস্কার পেয়েছি। তার আগেও একটি পুরস্কার পেয়েছি। এই সংবর্ধনার আয়োজনের জন্য অ্যাটকোর কাছে কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-উর-রশিদ, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, শেয়ার হোল্ডার ডিরেক্টর নওরীন জাহান মিতুল, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, উপদেষ্টা সাহাত হোসাইন সেলিম, উপদেষ্টা আবদুল গাফফার, দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব, ৭১ টিভির মোজাম্মেল বাবু, আহমেদ জোবাইয়ের, আব্দুস সামাদ লাভলু, জাকির উদ্দিন, দুরন্ত টিভির অভিজিৎ চৌধুরী।