নৌকাকে জেতাতে কেন্দ্র দখলের দায়িত্ব বণ্টন!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর জয় নিশ্চিতে কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী। নৌকার সেলিম হকের বিরুদ্ধে ৯টি কেন্দ্র দখলের দায়িত্ব বণ্টন করার অভিযোগ তুলেছেন একই ইউপির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ছাবের আহমদ।

এ বিষয়ে তিনি গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ছাবের আহমদের অভিযোগ, নির্বাচন সুষ্ঠু হলে পরাজয় নিশ্চিত জেনে নৌকার সেলিম হক বহিরাগতদের দিয়ে ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করেছেন।পরিকল্পনা অনুযায়ী ইউনিয়নের ৯টি কেন্দ্র দখলে নেওয়ার জন্য গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। ভোটকেন্দ্র দখল করে সাধারণ ভোটারদের শুধু মেম্বার পদের জন্য ভোট দেওয়ার সুযোগ দিয়ে চেয়ারম্যান পদের ভোট নিজেরা নিয়ে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ভোটগ্রহণ কক্ষের ভেতর যাতে ইভিএম মেশিনের বাটন ভোটার ছাড়া অন্য কেউ জোর করে চাপতে না পারে, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম হক দেশ রূপান্তরকে বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে তিনি মিথ্যা অভিযোগ করছেন। আমি দায়িত্ব বণ্টন করার কে? জনগণই নৌকাকে বিজয়ী করবে।’

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, ‘কেন্দ্রে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। শুধু ভোটার ও এজেন্টরা কেন্দ্রে ঢুকতে পারবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে।’ নবম ধাপে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটাসহ ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৫ জুন। তফসিল অনুযায়ী, গতকাল সোমবার রাতে এসব ইউপিতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে।

বরিশাল-বরগুনার তিন ইউপিতে নির্বাচন স্থগিত : নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় নির্বাচনী পরিবেশ না থাকায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউপি নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল সোমবার বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করার সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।  

এদিকে নির্বাচনী পরিবেশ না থাকার কারণে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতেরও আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে একই কারণে গত রবিবার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউপি নির্বাচনও স্থগিত করা হয়।