কুমিল্লার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ তারা করবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বলেন, ‘ভোট শতভাগ সুষ্ঠু হবে। জনতা যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। আমি কথা দিতে পারি, কোনো সমস্যা হবে না।’
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন গতকাল মঙ্গলবার রাতে মেয়র পদে নৌকার মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত দেশ রূপান্তরকে এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে রিফাত বলেন, ‘আওয়ামী লীগে সবাই ঐক্যবদ্ধ। যারা মনোনয়ন চেয়ে পায়নি তাদের মান-অভিমান ছিল। কিন্তু এখন সবাই ঐক্যবদ্ধ।’
বিভক্ত আওয়ামী লীগকে আপনার পক্ষ থেকে ভোটের মাঠে নামার আহ্বান জানিয়েছেন কি না জানতে চাইলে রিফাত বলেন, ‘অবশ্যই বলেছি। তার চেয়েও বড় কথা হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাদের ঢাকায় ঢেকে পাঠিয়ে কথা বলেছেন।’ তিনি বলেন, ‘নৌকা তো আমার ব্যক্তিগত নয়, এটা সকলের।’
রিফাত আরও বলেন, ‘নির্বাচনে সহিংসতার প্রমাণসহ অভিযোগ এলে দায়দায়িত্ব আমি নেব।’