পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা তুলতে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
এসইসি জানিয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক পুঁজিবাজারে ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মোট শেয়ারের ২৫ শতাংশ অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে গ্লোবাল ইসলামী ব্যংক। ব্যাংকটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪২ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১ টাকা ৯১ পয়সা। আর বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।