নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে ফল ঘোষণার পর প্রিসাইডিং অফিসারের ওপর হামলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়নটির ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডের তিন পরাজিত সদস্য প্রার্থী ও তাদের সমর্থকরা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলাম নোটিস বোর্ডে ফল সাঁটিয়ে দেন। এ সময় ওই ওয়ার্ডের পরাজিত হওয়া ইউপি সদস্য প্রার্থী আবু তাহের, আল মাহবুব ও রফিকুল ইসলাম দুলাল এবং তাদের সমর্থকরা প্রথমে নোটিস বোর্ডে সাঁটানো ফল ছিঁড়ে ফেলেন। এরপর প্রিসাইডিং অফিসারের কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা ও ২৯ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হামলায় জড়িত অভিযোগে পরাজিত সদস্য প্রার্থী আল মাহবুবকে আটক করে পুলিশ। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
ওই ওয়ার্ডে জয়ী ইউপি সদস্য প্রার্থী মো. মানিক মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘পরাজিত তিন প্রার্থী হঠাৎ করে কেন্দ্রে হামলার পাশাপাশি আমার বাড়িসহ আমার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। তারা আমার সমর্থকদের পিটিয়ে আহত করে।’
সোনারগাঁ থানার এসআই ইমরান আহমেদ জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান জানান, হামলায় আহত প্রিসাইডিং অফিসার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।