৩৯ ইউপির ২১টিতে জয়ী স্বতন্ত্র প্রার্থী

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন, পাঁচ পৌরসভা, চার উপজেলা পরিষদ ও ১৪১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে গতকাল বুধবার। দলীয় প্রতীকের নির্বাচনে কুসিকে নৌকা জয় পেলেও পৌর ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্রদের জয়ের পাল্লা প্রায় সমান-সমান। গতকাল রাত ১২টা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে ৩৯ ইউপির ২১টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগের জয় এসেছে ১৮টিতে। ফল পাওয়া চার পৌরসভার দুটিতে নৌকা এবং অন্য দুটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। তিন উপজেলা পরিষদের ভোটে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন দুটিতে।

ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য বলছে চট্টগ্রামের ছয় উপজেলার ১৮ ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী প্রার্থী বিজয়ী হয়েছেন নয়জন। স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা জিতেছেন বাকি নয়টিতে। নরসিংদীর মনোহরদীতে তিন ইউনিয়নেই বিদ্রোহী ও স্বতন্ত্রদের কাছে হেরেছেন নৌকার প্রার্থীরা। ঝিনাইদহের দুই ইউপিতেও হেরেছেন নৌকার প্রার্থী। টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউপির মধ্যে তিনটিতে নৌকা ও বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। সিলেটের জকিগঞ্জে দুই ইউপিতেও হেরেছে নৌকা। পাবনার এক ইউপিতে নির্বাচনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। নারায়ণগঞ্জের মোগরাপাড়া ইউপিতে নৌকার প্রার্থীকে হারিয়ে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী।

এদিকে মেহেরপুরের চার ইউপিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। নীলফামারী ও সিরাজগঞ্জের দুই ইউপিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। নেত্রকোনার মদন উপজেলায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী। খাগড়াছড়ির গুইমারা আর সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে নৌকা জয় পেয়েছে।

সিলেটের বিয়ানীবাজার পৌর ভোটে বিদ্রোহী প্রার্থীর কাছে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী। গোপালগঞ্জের দুই পৌর ভোটের একটিতে আওয়ামী লীগ ও আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। মেহেরপুর পৌরসভায় জিতেছেন নৌকার প্রার্থী।