ইসরায়েল, আমিরাত যুক্তরাষ্ট্র ও ভারতের নতুন জোট গঠন

ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র এবার ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ভারতকে নিয়ে নতুন জোট গঠন করেছে। গত মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, আই২ইউ২ নামের নতুন এই জোট বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের পুনরুজ্জীবিত করতে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ।

আই২ইউ২ জোটের প্রথম ভার্চুয়াল সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওই সম্মেলনে অংশ নেবেন। এতে খাদ্য নিরাপত্তা সংকট এবং সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।

বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চার দেশের এই ভার্চুয়াল সম্মেলন প্রেসিডেন্ট জো বাইডেনের ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত মধ্যপ্রাচ্য সফরের মধ্যে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, জোটের প্রতিটি দেশই একটি করে প্রযুক্তিগত হাব। তিনি বলেন, ‘ভারত একটি বিশাল ভোক্তা বাজার। তারা উচ্চ-প্রযুক্তি এবং অতিরিক্ত চাহিদার পণ্যগুলোর বড় উৎপাদনকারী। সুতরাং, এই দেশগুলোর একসঙ্গে কাজ করতে পারার অনেক ক্ষেত্র রয়েছে। প্রযুক্তি, বাণিজ্য, জলবায়ু, কভিড-১৯, এমনকি সম্ভাব্য নিরাপত্তা নিয়েও কাজ করতে পারে তারা।’

নেড প্রাইস আরও বলেন, ‘শুরু থেকে আমাদের পদ্ধতির একটি অংশ হচ্ছে বিশ্বজুড়ে আমাদের জোট এবং অংশীদারত্বের ব্যবস্থাকে কেবল পুনরুজ্জীবিত করা নয়, সেই সঙ্গে এমন অংশীদারত্বকে একত্রিত করা, যা আগে বিদ্যমান ছিল না বা তাদের সম্পূর্ণরূপে ব্যবহার করা হয়নি। বায়োটেকনোলজিও প্রখ্যাত। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে এই দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করা আমাদের স্বার্থ। এটি এমন কিছু যা আমরা গভীর করার চেষ্টা করতে চাইছি। এই দুই দেশ সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ক্ষেত্রসহ তাদের সম্পর্ক আরও গভীর করেছে।’