পাওয়ার টিলারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার টিলারের ধাক্কায় ইছমাইল হোসেন (২০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

বুধবার বিকেলে সদর উপজেলার বাপহুতের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছমাইল ৮ নং সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আনছর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পাওয়ার টিলার ও একটি অটোরিকশা উপজেলা সদর ওছখালী থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে বাপহুতের বাজার নামক স্থানে পাওয়ার টিলারটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে অটোরচালক ইছমাইল হোসেন পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে আহত ইছমাইলকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা জানান, নিহত ইছমাইলের মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে হাতিয়া থানায় কোন মামলা বা জিডি হয়নি। পুলিশ পাওয়ার টিলার বা অটোরিকশাকে আটক করতে পারেনি।