চোটের কারণে শুরুতে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ছিলেন না কেমার রোচ। ফিটনেস পরীক্ষায় যদি পাস করতে পারেন তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১৩তম সদস্য হিসেবে স্কোয়াডে থাকার কথা ছিল তার।
অ্যান্টিগা টেস্ট শুরুর একদিন আগে ফিটনেস পরীক্ষা দিলেন রোচ। তাতে উতরেও গেলেন ৩৩ বছর বয়সী গতিতারকা। ক্যারিবিয়ানদের স্কোয়াডে পেসারের যে ঘাটতি ছিল, অবশেষে তাও মিটে গেল। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে রোচকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে স্বাগতিকেরা।
সারে’র হয়ে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে চোট পান রোচ। যার ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার থাকা না থাকা নির্ভর করছিল ফিটনেসের ওপর। প্রথম টেস্টের কয়েক ঘণ্টা আগে এই অভিজ্ঞ পেসারকে স্কোয়াডে নিল ক্যারিবিয়ানরা।
টেস্টে ২৫০-এর কাছাকাছি উইকেট রোচের। এমন এক পেসারকে দলে ফিরে পাওয়া নিঃসন্দেহে আনন্দের ওয়েস্ট ইন্ডিজের জন্য। রোচকে ফিরে পেয়ে খুশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা দারুণ বিষয় যে সে এই টেস্টের জন্য ফিট। সে তরুণ খেলোয়াড়দের জন্য সবসময় অনুপ্রেরণার। সে প্রস্তুত।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করবে উইন্ডিজ। আজ বৃহস্পতিবার রাতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।