চেলসি থেকে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ফেরানোর ব্যাপারে আশাবাদী ইন্টার মিলান। ২৯ বছর বয়সী তারকাও বেশ আগ্রহী ইতালিতে ফিরতে।
ব্লুজদের জার্সিতে বেশ কঠিন মৌসুম কেটেছে লুকাকুর। যার জন্য ইন্টারে ফিরতে চেলসির সঙ্গে চুক্তির বেশ বড় অঙ্কের অর্থ বিসর্জন দিতেও রাজি তিনি।
অবশ্য ব্লুজরা এখনো বেলজিয়ান স্ট্রাইকারের জন্য লোন ফি চায়। ৯৭.৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ২০২১ সালের আগস্টে সান সিরো ছেড়ে স্টামফোর্ড ব্রিজে আসেন লুকাকু। তবে আনতে পারেননি ইন্টারের সেই ফর্ম।
আর্থিক নিয়ন্ত্রণ থাকায় খরচ সীমিত করার চেষ্টা করছে ইন্টার। আর লুকাকুর ধারের ফি’র বিষয়টি নিয়েও কোনো চুক্তিতে এখনো যায়নি সিরি’আর দলটি। তবে লুকাকুর ইতালিতে ফেরার আগ্রহের কারণে চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
দ্বিতীয় মেয়াদে চেলসিতে ফেরাটা সুখকর না হওয়ায় বেলজিয়ান তারকা তার পুরোনো ঠিকানা ইন্টারের সঙ্গে যোগাযোগ করেছেন। ২০১৪ সালে ২৮ মিলিয়ন পাউন্ডে স্টামফোর্ড থেকে এভারটনে গিয়েছিলেন তিনি। এবার ইন্টার থেকে পাঁচ বছরের চুক্তিতে ফের চেলসিতে ফিরেছিলেন। কিন্তু ব্লুজদের কোচ টমাস টুখেলকে সন্তুষ্ট করতে পারেননি।
অথচ ২০২০-২১ মৌসুমে ইন্টারকে সিরি’আ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লুকাকু। চেলসিতে ফিরে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ১৫ গোল। প্রিমিয়ার লিগে খেলেছেন ২৬ ম্যাচ।