পীরগঞ্জে এক নারীকে মারপিট করে তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেলিনা সরকার হিমুসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে পীরগঞ্জ থানায় এই মামলা করা হয়।
পুলিশ জানায়, ‘একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে’Ñএমন অভিযোগে গত ১২ জুন রাতে ওই নারীকে মারপিট করে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দিয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেন বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু ও তার সহযোগীরা। মারপিটে ওই নারী অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে নির্যাতিত ওই নারী বাদী হয়ে মামলা করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, ‘ওই নারী এলাকার পরিবেশ খারাপ করছিল। স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে চুল কেটে দিয়েছে।’
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তারা বর্তমানে এলাকায় নেই। গা-ঢাকা দিয়েছেন।