আলোচনায় মৌসুমী-সানির ডিনার

ওমর সানি-জায়েদ খান ইস্যুতে চিত্রনায়িকা মৌসুমী এক অডিও বার্তায় বলেন, ‘জায়েদ খুব ভালো ছেলে এবং তিনি কখনো তাকে বিরক্ত করেননি’। এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। অনেকে বলেছেন, ভেঙে যেতে পারে মৌসুমী ও ওমর সানির সংসার। আপাতত সে আশঙ্কার অবসান হয়েছে। মৌসুমী ও ওমর সানি যে ঝড় সামলে নিয়েছেন, তা বলে দিচ্ছে একটি স্থিরচিত্র। গত বৃহস্পতিবার রাতে ওমর সানির ফেসবুকে পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, মৌসুমী ও ওমর সানি পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খাচ্ছেন, যেমনটা কাছাকাছি সময়ে ছিল অকল্পনীয়। ওমর সানি ও জায়েদ ইস্যুর পর হঠাৎ সামনে আসে, দেড় মাস ধরে ওমর সানির সঙ্গে মৌসুমীর দেখা হচ্ছিল না। এমনকি তারা দুজন গুলশান ১-এর একটি ডুপ্লেক্স বাসায় থাকলেও কারও সঙ্গে ফোনেও কথা হচ্ছিল না! এসব খবর প্রকাশ্যে আসার পর অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, এই তারকা দম্পতির ২৭ বছরের তিলে তিলে গড়া সংসার হয়তো ভেঙে যাবে। জানা গেছে, এই কঠিন সময়ে মৌসুমী ও ওমর সানির মধ্যকার পারিবারিক সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন তাদের ২৬ বছর বয়সী ছেলে ফারদীন এহসান। মা-বাবার মধ্যকার ভুল-বোঝাবুঝি তার মাধ্যমেই আপাতত সমাধান হয়েছে।