‘নগদ’-এর মাধ্যমে উপবৃত্তি পাবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীরা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, ‘নগদ’ লিমিটেড ও বাংলাদেশ ডাক অধিদপ্তরের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে দেশের কারিগরি ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজ নিজ উপবৃত্তির অর্থ ‘নগদ’-এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন। উপবৃত্তির অর্থ ‘নগদ’-এর মাধ্যমে কম সময়ে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করাই উদ্যোগটির মূল লক্ষ্য। চুক্তি স্বাক্ষর উপলক্ষে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান, যুগ্মসচিব মো. আখতারুজ্জামান, সিনিয়র সহকারী সচিব সাবিনা ইয়াসমিন এবং ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমসহ অন্যরা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘নগদ’-এর মাধ্যমে প্রাপ্ত উপবৃত্তির অর্থ উত্তোলনের ক্ষেত্রে কোনো অতিরিক্ত খরচ বহন করতে হবে না। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রয়োজন অনুসারে যেকোনো ‘নগদ’ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে উপবৃত্তির অর্থ বিনামূল্যে উত্তোলন করতে পারবেন। বিজ্ঞপ্তি