বান্দরবানে প্রবাসীকল্যাণ ব্যাংকের শাখা চালু

দক্ষ কর্মীদের বিদেশ যেতে ঋণ-সুবিধার পাশাপাশি বিদেশ থেকে দেশে ফিরে নতুনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করতে বান্দরবানে যাত্রা শুরু করেছে প্রবাসীকল্যাণ ব্যাংক। গতকাল বান্দরবানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে প্রবাসীকল্যাণ ব্যাংকের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমটি) মহাপরিচালক মো. শহীদুল আলম, প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি মো. জাহিদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের ৬৩ জেলায় প্রবাসীকল্যাণ ব্যাংক চালু হয়েছে। এই ব্যাংক বিদেশযাত্রীদের বন্ধু হিসেবে কাজ করছে। এই সরকারের আমলেই দেশের মানুষ সর্বোচ্চ সেবা পাচ্ছে। বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতার পাশাপাশি সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। তার সুফলও পাওয়া যাচ্ছে।