জয়পুরহাটে জেলা আওয়ামী লীগের নেতাসহ বিভিন্ন ব্যক্তিদের সম্মানহানি এবং কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা খাজা আল আমীন সোহাগকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে তাকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তার খাজা আল আমীন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যক্ষ খাজা সামছুল আলমের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবক বিষয়ক সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, পৌর আওয়ামী লীগের সম্মেলনে অর্থের বিনিময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বিক্রি করা হয়েছে মর্মে গত ১ ফেব্রুয়ারি আল-আমীন ফেইসবুকে পোস্ট করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটসহ কয়েকজনের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করেন।