বন্দরে বৃদ্ধা খুন, ধুনটে কৃষকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাবিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেল ৩টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাবিয়া বেগম নিজেদের গাছ থেকে তিনটি কাঁঠাল পেড়ে তার মেয়ের বাড়িতে যাওয়া উদ্দেশে রওনা হন। ওই সময় কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে একই এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে হাজী আবদুল আউয়াল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে ওই বৃদ্ধা নিহত হন।

হত্যাকা-ের খবর পেয়ে বন্দর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত মাবিয়া বেগম একই এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী। অভিযুক্ত হাজী আবদুল আউয়াল হত্যাকা-ের পর থেকে পলাতক।

অপরদিকে, বগুড়ার ধুনটে মাঠে গরু চরাতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ জামাল উদ্দিনের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে পারধুনট পূর্বপাড়া ইছামতী নদী থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবরি দল। নিহত কৃষক ওই গ্রামের মৃত গেদু সরকারের ছেলে।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার দুপুরের দিকে জামাল উদ্দিন ইছামতী নদী পার হয়ে গরু চরাতে যান। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে তিনি গরুগুলো নিয়ে বাড়ি ফেরার পথে নদী পারাপারের সময় ডুবে নিখোঁজ হয়ে যান।