স্থানীয় সরকারমন্ত্রীর ব্রিফিং

প্রয়োজনে সড়ক কেটে নামানো হবে পানি

সার্বিক দিক বিবেচনা করে প্রয়োজনে সড়ক কেটে হলেও পানি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ নির্দেশনার কথা জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সড়কের কারণে কোথাও পানি নামতে বাধাগ্রস্ত হলে তা নির্দ্বিধায় কেটে পানির প্রবাহ স্বাভাবিক করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন পানি অপসারণের জন্য কোথাও কোনো রাস্তা যদি বাধা হয় তাহলে সেটা কেটে দেওয়ার জন্য। সে অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পর্যবেক্ষণ করছে, কোথাও কাটার প্রয়োজন হলে তারা কেটে দিবে। বিষয়টি সিটি করপোরেশনের মেয়রকে বলেছেন, বিভাগীয় কমিশনারকেও বলা হয়েছে।

কিশোরগঞ্জের হাওর অঞ্চলের সড়কের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, কোথাও কোনো রাস্তার কারণে পানি আটকে থাকলে সেটা কেটে দিয়ে বেইলি ব্রিজ বসানোর জন্য বলা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেই প্রস্তুতি রেখেছে। এখন পর্যন্ত এমন কোনো তথ্য আসেনি যে, এই রাস্তাটি কেটে দিলে পানি নেমে যাবে।

মন্ত্রী বলেন, ‘সিলেটের মেয়র আমাকে জানিয়েছেন সিলেট শহরের ভেতরে কিছু রাস্তা কেটে দেওয়া লাগতে পারে। কাটার জন্য আমি অভয় দিয়েছি, পরবর্তীতে মেরামতের জন্য আমরা বরাদ্দ দিব।’

তিনি বলেন, বন্যাকবলিত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দেওয়া হচ্ছে। যেসব টিউবওয়েল পানির লেভেল থেকে ওপরে তুলতে হবে তাও করা হচ্ছে। ঢাকা থেকে বেশকিছু মেকানিক ও যন্ত্রপাতি পাঠানো হয়েছে। জেলাতে আমাদের যে ধরনের মজুদ আছে সেখান থেকে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।’