রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে আজ রবিবার থেকে ফেরির নতুন ভাড়া কার্যকর হচ্ছে। ফেরিতে যানবাহন পারাপারে ২০ শতাংশ ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহযোগী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান আজ থেকে ফেরিতে বাড়তি ভাড়া কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের কর্মকর্তারা জানান, আজ থেকে নতুন ভাড়া কার্যকরের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এক থেকে তিন টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া ৭৪০ থেকে বেড়ে ৯০০ টাকা হবে। তিন-পাঁচ টনের ট্রাক ৮৮০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা, পাঁচ-আট টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১ হাজার ৬০ থেকে বেড়ে ১ হাজার ৩০০ টাকা এবং ৮-১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১ হাজার ৪৬০ থেকে বেড়ে ১ হাজার ৭৫০ টাকায় দাঁড়াবে। এ ছাড়া এই রুটে মিনিবাস বা কোস্টার পারাপারে ৯০০ থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা, মাঝারি আকারের বাস ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৭৫০ টাকা এবং বড় বাসে ১ হাজার ৮২০ টাকার বদলে ২ হাজার ১০০ টাকা ভাড়া গুনতে হবে।
অন্যদিকে মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ভাড়া ৮০০ টাকার বদলে ১ হাজার টাকা, পাজেরো গাড়ি ৭৩০ টাকার বদলে ৯০০ টাকা, কার ও জিপ ৪৫০ টাকার বদলে ৫৪০ টাকা এবং মোটরসাইকেল ৭০ টাকার পরিবর্তে ১০০ টাকা করা হয়েছে। কিন্তু যাত্রীদের ক্ষেত্রে জনপ্রতি ৩০ টাকাই ভাড়া থাকবে।
প্রফুল্ল চৌহান দেশ রূপান্তরকে বলেন, ‘আগামীকাল (আজ) রবিবার থেকে ফেরিতে পারাপার হওয়া প্রতিটি যানবাহনের ক্ষেত্রে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গতকালই (শুক্রবার) ভাড়ার নতুন চার্ট কাউন্টারে টানিয়ে দেওয়া হয়েছে।’
তবে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্তে নাখোশ পরিবহন চালক-শ্রমিকরা। এ প্রসঙ্গে ট্রাকচালক সোহরাব হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘সবকিছুর দাম বেড়েছে। গাড়ির অধিকাংশ যন্ত্রাংশের দাম বাড়ছে। তারপর আবার ফেরি ভাড়া বাড়িয়েছে। এখন সব মিলিয়ে হিসাব এলোমেলো হয়ে গেছে। ফেরি ভাড়া বাড়লে আমাদের ট্রাকের ভাড়া বেড়ে যাবে, আর এর প্রভাব পড়বে পণ্যের ওপর। আবার পদ্মা সেতুতে যে আমরা পারাপার হব, সেখানেও টোল বেশি।’
গতকাল শনিবার দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা একাধিক বাসচালকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, ফেরির বাড়তি ভাড়া কার্যকর হলে বাসের ভাড়াও বাড়বে।