বন্যার্তদের জন্য ১৪০টি মেডিকেল টিম : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালগুলোতে পানি ঢুকে যাওয়া এবং রাস্তাঘাট ভেঙে যাওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। বন্যাদুর্গতদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিম বন্যাকবলিত জেলা-উপজেলাগুলোতে আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদান করবে।

তিনি গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে বন্যার পাশাপাশি করোনা শনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। তাই সকলকে নিয়মিত টিকা গ্রহণের সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস নীনা রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, মহিলা আওয়ামী লীগ সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুই যুগ পর জেলা মহিলা আওয়ামী লীগের এই সম্মেলনে মৃদুলা আক্তারকে সভাপতি ও আনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাটুরিয়া উপজেলার ফকুরহাটি ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।