পিরোজপুরের ভান্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন হয়। এতে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা অংশ নেন। এসময় বক্তারা অভিযুক্ত শামীম মৃধার সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান এবং ভিকটিমের পরিবারের নিরাপত্তা দেওয়াসহ এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান।
গত ১১ জুন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রের ভয় দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে শামীম মৃধা (৩০)। পরে ১২ জুন ওই ছাত্রীর মা বাদী হয়ে ভান্ডেরিয়া থানায় মামলা করেন। গত ১৬ জুন রাতে ঢাকার উত্তরা থেকে শামীম মৃধাকে গ্রেপ্তার করে র্যাব।
অভিযুক্ত শামীম মৃধা পেশায় একজন শ্রমিক। সে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ‘শামীম মৃধার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের অভিযোগে ১০টিরও বেশি মামলা আছে। তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’