মমতাকে ১ টন হাঁড়িভাঙ্গা আম উপহার হাসিনার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার হিসেবে এক টন হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি মূলগেট দিয়ে ২০০ কার্টন আম হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর নাভারন সার্কেল পুলিশ সুপার জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদারসহ স্থানীয় গোয়েন্দা সংস্থা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুলিশের ডিআইজি সুকেশ জেল, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট আজিজুল আলম ও এস কে ইমাদ।

ডেপুটি হাইকমিশনার শেখ মারেফাত তরিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যে সোনালি অধ্যায় পার হচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে আমরা আশা করি। এ শুভেচ্ছা উপহারে দুই দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।’