সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন বহন করার দায়ে রিফাত পরিবহনের চালক সোহাগ আলী ও সুপারভাইজার লিটন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত লিটন উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মৃত জিতু প্রামাণিকের ছেলে ও সোহাগ আলী একই উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

ওই আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেড কোয়ার্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব।

সেখানে নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনে তল্লাশি চালানো হলে ৮৫৬ গ্রাম হেরোইন জব্দ ও বাসের চালক-সুপারভাইজারকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে এদিন দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন।