বিএম ডিপোর অক্ষত রপ্তানি চালান দ্রুত শিপমেন্ট চায় বিজিএমইএ

কন্টেইনার বিস্ফোরণে বিধ্বস্ত বিএম কন্টেইনার ডিপোতে অক্ষত অবস্থায় থাকা রপ্তানি পণ্যের চালানগুলো দ্রুত জাহাজীকরণের পদক্ষেপ নিতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার ফখরুল আলমের সঙ্গে এক জরুরি বৈঠকে এ অনুরোধ জানান সংগঠনটির নেতারা।

চট্টগ্রামের কাস্টম হাউজ সম্মেলন কক্ষে গত সোমবার বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে পোশাক রপ্তানি খাতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে কাস্টমস সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম আলোচনায় অংশ নিয়ে বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতিতে বর্তমানে বিদেশি ক্রেতা কর্তৃক রপ্তানি আদেশ দিন দিন বাড়ছে। এক্ষেত্রে কাস্টমস সংশ্লিষ্ট কার্যক্রম সহজ করে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতার কোনো বিকল্প নেই। কিন্তু চট্টগ্রামের কাস্টম হাউজ পোশাক শিল্পসংশ্লিষ্ট আমদানিতে এইচএস কোড-সহ নানাবিধ জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি বিশ্ব অর্থনৈতিক মন্দার বর্তমান প্রেক্ষাপটে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে কাস্টম হাউজ সংশ্লিষ্ট বিদ্যমান প্রক্রিয়াগুলো সহজ করে দ্রুততার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে জরুরি উদ্যোগ গ্রহণের জন্য কাস্টমস কমিশনারকে অনুরোধ জানান। এছাড়া বিএম কন্টেইনার ডিপোতে অক্ষত অবস্থায় থাকা রপ্তানি পণ্যের চালানগুলো দ্রুত শিপমেন্টে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

কাস্টমস কমিশনার ফখরুল আলম বিজিএমইএ নেতাদের বলেন, পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদনে কাস্টম হাউজ, চট্টগ্রাম নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, এইচএস কোড-সংক্রান্ত জটিলতার নিরসনসহ অন্যান্য সমস্যার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন। সেজন্য বিষয়গুলো দ্রুত জাতীয় রাজস্ব বোর্ডে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। বিএম কন্টেইনার ডিপোতে অক্ষত পোশাক শিল্পের রপ্তানি পণ্য চালান দ্রুত জাহাজীকরণে কাস্টম হাউজ, চট্টগ্রামের কোনো আপত্তি নেই। সেখানে বিদ্যমান জটিলতা নিরসন করে দ্রুততার সঙ্গে কার্যক্রম সম্পাদন করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।