বাগেরহাটের মোংলায় মাদক কারবারি কর্তৃক স্থানীয় এক সাংবাদিক ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা-মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার শেখ রাসেল লেনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক মো. হাসান গাজী দৈনিক ভোরের কাগজের মোংলা প্রতিনিধি। এ ঘটনায় তিনি মোংলা থানায় এজাহার দিয়েছেন।
এজাহারে বলা হয়, পৌরসভার মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা মো. আব্বাস (২৯) এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা করে আসছে। এতে বাধা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন প্রতিবেশী সাংবাদিক হাসান গাজী। এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস গং গতকাল সকালে হাসান গাজীর বসতবাড়িতে ঢুকে তার স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে হাসান গাজী ও তার ছেলে বাজার থেকে বাড়িতে ছুটে গেলে তাদের ওপরও হামলা চালিয়ে মারধর করে আব্বাস গং। এতে হাসান গাজী, তার ছেলে ও স্ত্রী আহত হন।
মোংলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘এজাহারপত্র পেয়েই অভিযুক্তদের আটক করতে পুলিশ পাঠানো হয়েছে।’