মিঠাপানির সবচেয়ে বড় মাছ

কম্বোডিয়ার মেকং নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দানবীয় আকৃতির একটি স্টিংরে বা শাপলা পাতা মাছ। মাছটি লম্বায় ১৩ ফুট এবং ওজন ৩০০ কেজি। মৎস্য বিজ্ঞানীরা জানিয়েছেন মিঠাপানিতে এখন পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় মাছ এটি।

সম্প্রতি ধরা পড়া বিশালাকার এই স্টিংরে মাছের নাম রাখা হয়েছে ‘বোরামি’। খেমার ভাষার এই শব্দের অর্থ পূর্ণ চন্দ্র। মাছটির আকৃতির জন্যই এই নাম দেওয়া হয়েছে।   

ওয়ান্ডার্স অব মেকং নামে যুক্তরাষ্ট্র ও কম্বোডিয়ার যৌথ গবেষণা প্রকল্পের বিজ্ঞানীরা এসব তথ্য জানান। এই বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চীন, মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনাম দিয়ে প্রবাহিত মেকং নদীতে দানবীয় মাছ নিয়ে গবেষণা করছেন। এই নদীতে বাঁধসহ নানা প্রতিকূল পরিস্থিতিতে এসব মাছ এখন হুমকির সম্মুখীন। দানবীয় এসব মাছ সংরক্ষণে কাজ করছেন তারা। 

তাদের কাছে থাকা রেকর্ড জানাচ্ছে, এর আগে থাইল্যান্ডে একই নদীতে ২০০৫ সালে একটি দানবীয় মাগুর মাছ ধরা পড়েছিল। সেটির ওজন ছিল ২৯৩ কেজি।

মেকং নদীতে গবেষণা প্রকল্পের প্রধান জেব হোগান বলেন, ‘বিশ্বব্যাপী দানবীয় মাছের ৭০ শতাংশই হুমকির মুখে আছে। এদের মধ্যে মেকং নদীর সব মাছই বিলুপ্ত প্রায়। এমন পরিস্থিতিতে এত বড় মাছ! আমরা বিস্মিত। এখানে এত বড় মাছ পাওয়া মেকং নদীর জন্য শুভ লক্ষণ বটে।’ 

এই গবেষক আরও জানান, গত দুই মাসে এই মাছটিসহ চারটি স্ত্রী স্টিংরে মাছকে একই এলাকায় দেখা গেছে। তাদের কাছে মিঠা পানির স্টিংরে সম্পর্কে সীমিত তথ্য আছে। তাই ধরা পড়া স্টিংরের গতিবিধি বুঝতে মাছটির গায়ে একটি যন্ত্র লাগিয়ে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যে জেলেরা এই রেকর্ড আকৃতির দানবকে ধরেছে তাদের হতাশ হতে হয়নি। বাজার দরে তারা হাতে পেয়েছেন ৬০০ ডলার।