ঢাকা নগর পরিবহনের বাস সেবার আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে আরও তিন রুটে ২০০ বাস নামানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
গতকাল মঙ্গলবার বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মেয়র তাপস। ডিএসসিসির প্রধান কার্যালয়ে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এ সভার আয়োজন করা হয়। মেয়র তাপস বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে নগর পরিবহনের বাস চালু করা হয়।
মেয়র তাপস সাংবাদিকদের জানান, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৫০টি বাস নামানো হবে। এই তিন রুটের সব বাসই হবে নতুন। তিনটি রুটে যাত্রী ছাউনি, বাস বে ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নের কাজ আগামী ৩০ জুলাইয়ের মধ্যে শেষ হবে।
২২ নম্বর রুটটি হলোঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত। ২৩ নম্বর রুট হচ্ছে ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগাং রোড পর্যন্ত। আর ২৬ নম্বর রুট হলোঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চানখাঁরপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।
বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, রাজধানীর ভেতরে থাকা মহাখালী, গাবতলী ও সায়েদাবাদে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো সরিয়ে ঢাকার বাইরে নেওয়ার জন্য দুই সিটি করপোরেশন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে সরকারের কাছে জমা দেবে। রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী রুট পারমিটবিহীন ১ হাজার ৬৪০টি বাস জব্দ করতে আগামী ১৭ থেকে ২৮ জুলাই যৌথ অভিযান পরিচালনা করা হবে। আর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের সামনের সড়কে পার্কিং করে রাখা গাড়ির বিরুদ্ধে ১ জুলাই থেকে অভিযান চালানোর ঘোষণা দেন তিনি।