পদ্মা সেতুর দুই প্রান্তে দুই থানা উদ্বোধন

পদ্মা সেতুর দুই প্রান্তে নবনির্মিত দুটি থানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানা ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

থানা দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা। ইতিমধ্যেই থানা দুটিতে একজন করে ওসি, দুজন করে এসআই, তিনজন এএসআই ও ২০ জন করে কনস্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। থানা দুটি পদ্মা সেতুর নিরাপত্তাসহ স্থানীয় এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।

এদিকে থানা উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জ পদ্মা সেতু উত্তর থানায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনমুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

এ ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০ ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর, ১২টি পুলিশ হাসপাতাল, পুলিশের ছয়টি নারী ব্যারাক ও অনলাইন জিডির উদ্বোধন করেন।