এ মুহূর্তে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি শুধু রোমান্টিক নায়িকার ইমেজে আটকে থাকতে চাননি। বরাবরই তার ভিন্নধর্মী গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে আগ্রহ। কোরবানির ঈদেও এই অভিনেত্রীকে দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। তেমনি একটি নাটক ‘নিজস্ব প্রতিবেদন’। গত মঙ্গলবার কারওয়ান বাজারের আশপাশের এলাকায় এই নাটকের শ্যুটিং করেছেন অভিনেত্রী। মুনতাহা বৃত্তার চিত্রনাট্য ও অনন্য ইমনের পরিচালায় এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে। এ নাটকে সাবিলা একজন হতদরিদ্র গৃহিণী আর মনোজ করেছেন সাংবাদিকের চরিত্র। সাবিলা বলেন, ‘কিছু কাজ থাকে যার স্ক্রিপ্ট পড়ার পরই আলাদা দরদ চলে আসে। এটি তেমনি একটি কাজ। আমি আশা করছি কাজটি সবাইকে মুগ্ধ করবে।’ সাবিলার এই উচ্ছ্বাসের কারণ জানা গেল নাটকের প্রেক্ষাপট জানতে পেরে। জনপ্রিয় এই তারকা বলেন, ‘নাটকের গল্পটি একটি সিরিয়াস বিষয়কে উপজীব্য করে। এখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নারীদের মিধ্যা বলে কিংবা ফাঁদে ফেলে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর তাদের অবর্ণনীয় সংগ্রামের গল্প। অসংখ্য নারী এমন ঘটনার উদাহরণ। ভিনদেশের মাটিকে এই অসহায় নারীদের প্রতি যে কি পরিমাণ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় সেটি কেউ না দেখলে বা ভিক্টিমের সঙ্গে যোগাযোগ না করলে জানতে পারবে না। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সততার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি।’