যশোরের বেনাপোলে বোমা হামলার পর গলা কেটে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোলের বালুন্ডা বাজারে আশানুজ্জামান বাবলু (৪৪) নামে ওই ইউপি সদস্যের ওপর হামলা হয়। এ সময় বোমার আঘাতে আহত হন আরও ২-৩ জন।
নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং ৭নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুন্ডা বাজারে নিহত বাবলুর একটি বাড়ি আছে। ওই বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রথমে ৪-৫টি বোমা ছোড়ে। বোমার শব্দে আশপাশের লোকজন পালিয়ে গেলে বাবলুকে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকার অনেকের ধারণা, চোরাচালানের সিন্ডিকেট ও স্বর্ণ পাচারের লেনদেনের কোনো দ্বন্দ্বের জেরে বাবলুর ওপর হামলা হয়েছে।
ইউপি সদস্য বাবলুর ওপর হামলার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া ঘটনার পরপরই পুলিশের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, নিহত বাবলুর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘কে বা কারা তাকে (ইউপি সদস্য বাবলু) হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’