কঠিন বর্জ্য সঠিক সময়ে সঠিক উপায়ে নিষ্কাশন বা পুনর্ব্যবহারের পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ায় নগরের পরিবেশ ও জনস্বাস্থ্যকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা : প্রান্তিক জনগোষ্ঠীর প্রভাব’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করে ঢাকা কলিং প্রকল্প।
সংগঠনটি বলছে, দেশের শহরগুলোতে প্রতিদিন গড়ে প্রায় ২৫ হাজার টন বর্জ্য উৎপাদিত হয়, যার প্রায় এক-চতুর্থাংশ বর্জ্য শুধু ঢাকা শহরেই উৎপাদিত হয়। প্রতিদিন উৎপাদিত এ বিপুল পরিমাণ বর্জ্যরে একটি বৃহত্তর অংশই আবার থেকে যাচ্ছে অসংগৃহীত অবস্থায়, যা নিক্ষিপ্ত হচ্ছে নগরের আশপাশের রাস্তা, খাল, বিল, জলাধার নিম্নাঞ্চল ইত্যাদি জায়গায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামের মানুষের তুলনায় শহরের বস্তিবাসীদের শিশুমৃত্যুর হার বেশি। যেখানে বস্তিতে প্রতি হাজারে ৫৭ শিশুর মৃত্যু হয়, সেখানে গ্রামে হাজারে মারা যায় ৪৯ জন। এসব রোগশোকে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধীরা সবচেয়ে বেশি অবহেলিত। পরিবারে তাদের বোঝা বলে মনে করা হয়। ফলে অনেকেই তাদের ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত করে। এ ধরনের পরিস্থিতিতে প্রান্তিক নাগরিকরা শুধু স্বাস্থ্যঝুঁকির মধ্যেই থাকে না, বরং তাদের অর্থনৈতিক অবস্থার ওপরও পড়ে নেতিবাচক প্রভাব পড়ে। আবার সুচিকিৎসার অভাব তাদের স্বাস্থ্যগত নানারকম জটিলতা তৈরি করে। এগুলো তাদের মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তোলে।
এসব অব্যবস্থাপনা দূর করতে এ সময় বেশ কিছু দাবি জানানো হয়। সেগুলো হলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন সমাজকল্যাণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়গুলোর সঙ্গে একযোগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করতে পারে। এ ক্ষেত্রে প্রতিটি মন্ত্রণালয় তাদের নিজ নিজ কর্মপরিসরে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি নিরসনে কাজ করতে পারে; বস্তি এলাকাগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহসহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলো উদ্যোগ নিতে পারে; বর্জ্য ব্যবস্থাপনার শক্তিশালী তদারকি ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জবাবদিহিতার আওতায় আনা; প্রতিবন্ধী ব্যক্তির বিষয়ে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করা; মানসিক রোগ এখনো বাংলাদেশে নীরব খুনির ভূমিকায় আছে। আর স্বল্প আয়ের মানুষরা এটাকে রোগ হিসেবে বিবেচনাই করে না। মানসিক স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে প্রান্তিক নাগরিকদের মানসিক স্বাস্থ্যঝুঁকিতে সমস্যা হিসেবে বিবেচনা করে তার আশু সমাধানে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিদ্যমান আইনগুলোতে জনস্বাস্থ্য অনুপস্থিত। এটি শুধু বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে এ দায়িত্বের আওতায় আনা এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় মিলে যৌথ পরিকল্পনা ও মনিটরিং কার্যক্রম গ্রহণ করা।
আবার উন্নত দেশগুলোর আদলে বর্জ্য রিফিউজড ডিরাইভড ফুয়েল উৎপাদন করা যেতে পারে; সরকারি বা বেসরকারি উদ্যোগে বিস্তারিত এবং ব্যাপক গবেষণা পরিচালনা করে বর্জ্যরে কারণে জনস্বাস্থ্য সমস্যাগুলো নিরূপণ করে তা সমাধানে কাজ করা এবং নারী ও কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, বাংলাদেশ রিসার্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের নির্বাহী পরিচালক সুকান্ত সেন, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত, ঢাকা কলিং প্রকল্পের কারিগরি উপদেষ্টা সুমন আহসানুল ইসলাম প্রমুখ।