নানা আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভাগীয় শহর ও জেলা-উপজেলা পর্যায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার উদযাপন করা হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এছাড়া দলীয় কার্যালয়ের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল : সকালে নগরের শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ, মহানগর আ’লীগের সহ-সভাপতি আফজালুল করিম, গাজী নঈমুল হোসেন লিটু, সাইদুর রহমান রিন্টু, হেমায়েত উদ্দিন খান, জেবুন্নেসা আফরোজ প্রমুখ।

এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

গোপালগঞ্জ : বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি এতে নেতৃত্ব দেন। পরে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আক্কাছ আলী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মাগুরা : মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামসংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে সংগ্রাম, স্বাধীনতা ও সমৃদ্ধির অভিযাত্রা নিয়ে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কু-ু। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

বগুড়া : সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বেলা ১১টায় শহরের সাতমাথায় মুজিবমঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।

ঠাকুরগাঁও : সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশীর নেতৃত্বে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।