নওগাঁ সদরের বাবলাতলী এলাকায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা এবং ট্রাক্টরের সংঘর্ষে চার শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে চারজনই নিয়ামতপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নিহতরা হলেনÑউপজেলার পারইল ইউনিয়নের বেলগাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিজলী গ্রামের মকবুল হোসেন (৫৬), রসুলপুর ইউনিয়নের পানিয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাদ নেহেন্দা গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ভাদরন্ড গ্রামের জান্নাতুল খাতুন (৩৩), শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের অটোরিকশা চালক সেলিম (৪৫)। নিহত অপরজন হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. লেলিন (২৫)। তিনি শ্রীমন্তপুর ইউনিয়নের আমকুড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁ শহরের দিকে আসছিল। ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। বাবলাতলা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা পাঁচজনের মৃত্যু হয়।
নিয়ামতপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, শুক্রবার সকালে ওই চার শিক্ষক একটি অটোরিকশায় করে নওগাঁ শহরের নামাজগড় মাদ্রাসায় সৃজনশীল প্রশ্ন প্রণয়নবিষয়ক একটি প্রশিক্ষণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি দল নিহতদের মরদেহ উদ্ধার করে।