পদ্মা সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও সার্বক্ষণিকই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
সেতু নির্মাণের প্রাক্কালে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তোলে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে। মোশাররফ হোসেনকে জেলে যেতে হয় আর মন্ত্রিত্ব হারাতে হয় আবুল হোসেনকে। বিতর্ক তৈরি হয় ড. মসিউর রহমানকে নিয়েও।
গতকাল সেতুর উদ্বোধনে এই তিনজনকেই পাশে রেখেছেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর বক্তব্যেও উঠে আসে এই তিনজনসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়ে বিশ্বব্যাংকসহ বিভিন্ন মহলের নেতিবাচক বক্তব্যের কথা।
গতকাল সকালে সেতুর উদ্বোধনী মঞ্চে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন সৈয়দ আবুল হোসেন। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়িয়ে ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান প্রমুখ।