নিরাপদ পানি সংকটে ৩৫ লাখ শিশু : ইউনিসেফ

বন্যার কারণে বাংলাদেশে বিশুদ্ধ পানির সংকটে রয়েছে ৩৫ লাখ শিশু। বন্যার্ত ওই শিশুদের মধ্যে ২৫ লাখ শিশুর জন্য অতি দ্রুত বিশুদ্ধ পানি সরবরাহ জরুরি তহবিল দরকার বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ। দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট ভিডিও লিংকের মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের এসব তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। শেলডন ইয়েট বলেন, ‘বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে হঠাৎ করেই প্রবল বন্যা দেখা দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ৩৫ লাখ শিশুর নিরাপদ পানির প্রয়োজন। বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সেসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ কঠিন হয়ে পড়েছে।’ এখনই শিশুদের সহায়তা দিতে হবে বলে জোর দেন তিনি।

ইয়েট জানান, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় প্রায় ৫০ হাজার শৌচাগার নষ্ট হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বন্যাদুর্গতরা দূষিত পানি পান করতে বাধ্য হলে পানিবাহিত রোগ অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ডায়রিয়াসহ কয়েকটি রোগ ইতিমধ্যে ছড়াচ্ছে বলেও জানান তিনি।

সিলেট বিভাগের ৯০ শতাংশ স্বাস্থ্য অবকাঠামো প্লাবিত হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের পাঁচ হাজারের বেশি স্কুল-কলেজ এখনো পানিতে ডুবে আছে। বন্যা উপদ্রুত অঞ্চলের নারী ও শিশুদের নিরাপত্তা সম্পর্কে ইয়েট আরও বলেন, ‘প্রায় পাঁচ লাখের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উপকরণ নেই। ইউনিসেফ সিলেট বিমানবন্দরে ইতিমধ্যেই কিছু ত্রাণসামগ্রী পাঠিয়েছে।’