ঘড়ির কাঁটায় ভোর ৫টা ৫০ মিনিট। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। প্রথম দিন সেতুর মাওয়া প্রান্তে প্রথম টোল দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করেন মো. জালাল উদ্দিন। একই টোল প্লাজায় টোল দিয়ে প্রথম নারী মোটরসাইকেল চালক হিসেবে সেতুতে প্রবেশ করেন রোবায়েত রোবা।
গতকাল রবিবার পদ্মা সেতুতে যান চলাচল শুরুর মুহূর্তে ১০০ টাকা টোল দিয়ে সেতু পার হন পাবনা থেকে পদ্মা সেতু দেখতে আসা মো. জালাল উদ্দিন। সাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার নির্ধারিত সময়ের আগেই মাওয়া টোল প্লাজায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি।
মোটরসাইকেলে পদ্মা সেতুতে প্রবেশ করতে শত শত তরুণ-যুবক ও নারী চালকরা ছিলেন অপেক্ষায়। গভীর রাত থেকেই অপেক্ষা করছিলেন তারা। অবশেষে ভোরে সবার আগে জালাল উদ্দিনের ভাগ্যে মিলে সেতু পাড়ি দেওয়ার সুযোগ।
নারী মোটরসাইকেল চালক রোবায়েত রোবা সকাল সাড়ে ৮টায় মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল পরিশোধ করেন।
নারী মোটরসাইকেল চালক হিসেবে প্রথম পদ্মা সেতুতে ওঠা রোবায়েত রোবা বলেন, ‘একজন নারী বাইকার হিসেবে প্রথম সেতুতে উঠতে পেরে বেশ খুশি লাগছে। শুধুমাত্র সেতু দেখতেই এসেছি। স্বপ্নের সেতু দেখেই ফিরে যাব।’