আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অভিযোগ নিষ্পত্তিতে অতিরিক্ত সময় লাগলে এ-সংক্রান্ত কাজের অগ্রগতি সম্পর্কে অভিযোগকারীকে জানাতে বলা হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, ইতিমধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানে অভিযোগ সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রাহক স্বার্থ সংরক্ষণ, গ্রাহক সেবার ন্যূনতম মান নিশ্চিতকরণ এবং অভিযোগ নিষ্পত্তিসংক্রান্ত সুষ্ঠু কর্মপদ্ধতি প্রণয়নের লক্ষ্যে ‘গ্রাহকসেবা ও অভিযোগ ব্যবস্থাপনা নীতিমালা’ শিরোনামে গাইডলাইন প্রণয়নপূর্বক তা পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরিলক্ষিত হচ্ছে যে গ্রাহকদের আনীত অভিযোগের বেশিরভাগই আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বা অভিযোগ সেলের মাধ্যমে সমাধানযোগ্য হলেও তা অনিষ্পন্ন থাকায় এ-সংক্রান্ত অভিযোগের সংখ্যা বাড়ছে। এ ছাড়া কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্র্তৃক গ্রাহকের অভিযোগ বা আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না এবং হলেও অভিযোগের জবাব বা নিষ্পত্তি নীতিমালা বহির্ভূতভাবে প্রদান করা হচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। এসব গ্রাহক স্বার্থবিরোধী কার্যক্রম কোনোভাবেই কাম্য নয়।