টাঙ্গাইলের ঘাটাইলের আঠারদানা বাদেপার্শী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ‘ধলেশ্বরী অ্যাগ্রো ফুড মিলস’ নামে একটি কারখানা স্থাপন করার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছে। গতকাল সোমবার দুপুরে আঠারদানা স্কুলসংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করা হয়।
স্কুলটির শিক্ষার্থীসহ এলাকার নারী-পুরুষ কারখানাটির নির্মাণকাজ বন্ধের দাবিতে বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে ছয় কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে আঠারদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, এখানে কারখানা স্থাপন করা হলে কোমলমতি শিক্ষার্থীরা বায়ু ও শব্দদূষণের শিকার হবে। লেখাপড়ার পরিবেশ বিঘি্নত হবে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।
পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল উপপরিচালক জমিরউদ্দিন বলেন, ঢাকা থেকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ছাড়পত্র দিয়েছেন।