পদ্মা সেতু পেরিয়ে পেঁয়াজের ট্রাক উল্টে আহত ৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভায়াডাক্টে উল্টে গেছে  পেঁয়াজ বোঝাই ট্রাক। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৩ জন আহত হন।  

আহতরা হলেন চালক ইয়াসিন, চালকের সহকারী রুবেল ও কেরামত। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ বোঝাই একটি ট্রাক রাজধানীর শ্যামপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল পরিশোধ করে পদ্মা সেতুতে প্রবেশ করে। মাওয়া প্রান্তে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ভায়াডাক্টের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ট্রাকের চালকসহ আহত ৩ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, পেঁয়াজবাহী ট্রাকটি মূল সেতুতে উল্টে যায়নি। সেতুর ভায়াডাক্টে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি থেকে তেল নির্গত হয়ে রাস্তায় পড়েছে। এতে রাস্তার বিটুমিনের ক্ষতি হয়েছে। তবে মূল সেতুর কোনো ক্ষতি হয়নি। ট্রাকটি জব্দ করে পদ্মা সেতু উত্তর থানায় রাখা হয়েছে।