পদ্মা সেতু নিয়ে ‘কটূক্তি’, বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদ্বোধনের আগের রাতে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আবুল কালাম আজাদ (৪২) উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার ছোট বোনের স্বামী চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান একেএম মহিউদ্দিন সোহাগ। 

সোমবার (২৭ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন গত শুক্রবার রাতে আরটিভির অনলাইন নিউজ সংবাদ করে, ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’। ওই খবরের সোশ্যাল মিডিয়া পোস্টে আবুল কালাম আজাদ মন্তব্য করেন, ‘আমি মুতি ছবি তলুম’।

বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা গত শনিবার সন্ধ্যায় তার মোবাইল থানা হেফাজতে রেখে তদন্ত করে।  এরপর সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে আবুল কালাম আজাদ দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে এ মন্তব্য করা হয়েছে। 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত ৬৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। লিংকগুলো কোথা থেকে আসছে, পরবর্তীতে তার বিরুদ্ধে আর কী কী অভিযোগ আছে; তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।