গণমানুষের জন্য একগুচ্ছ সেবা আনল আইএফআইসি ব্যাংক

দেশজুড়ে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গণমানুষবান্ধব একগুচ্ছ সেবা চালু করেছে অন্যতম বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড। গতকাল মঙ্গলবার রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ‘আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর  ফজলে কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। 

অনুষ্ঠানে জানানো হয়, আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছে রয়েছে ‘আইএফআইসি সহজ অ্যাকাউন্ট’, ‘আইএফআইসি সহজ ঋণ’, ‘আইএফআইসি আমার সুবর্ণগ্রাম’, ‘আইএফআইসি আমার অ্যাকাউন্ট’, ‘আইএফআইসি আমার বাড়ি’, ‘আইএফআইসি ওয়ান স্টপ সার্ভিস’, ‘আইএফআইসি আমার প্রতিবেশী’, ‘সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে লেনদেন’, ‘২৪ ঘণ্টা গ্রাহকসেবা কেন্দ্র’ এবং ‘আইএফআইসি ডেবিট কার্ড দিয়ে যেকোনো ব্যাংকের যেকোনো এটিএম বুথ থেকে বিনামূল্যে টাকা উত্তোলন সুবিধা’।