বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনে হিং¯্র রূপ ধারণ করেছে সরকার। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নেওয়ার পর এখন অস্বীকার করছে।’
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
সাইফকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এর আগে পুলিশ সাইফকে আটক করে পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছে। এবার আদালতে হাজিরা দিতে গেলে পাঁচলাইশ থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা।’
সাইফকে আটক এবং তার কোনো হদিস না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘এই ঘটনা আতঙ্কজনক। সাইফুলকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত।’
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার সবক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধী দল ও মতকে দমনে এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে।
‘সাইফুল পুলিশের কাছেই আছে’এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে সাইফুল ইসলাম সাইফকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।’