কোরবানির পশুর হাটে নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে একটি পরীক্ষামূলক উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই উদ্যোগের অংশ হিসেবে ডিএনসিসির আওতাধীন ৬টি পশুর হাটে ঈদুল আজহার পশুর হাট চলাকালে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হবে।
গতকাল স্থানীয় একটি হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি উত্তর সিটি করপোরেশনের পশুর হাটের মতো পর্যায়ক্রমে দেশের সকল জায়গায় ডিজিটাল লেনদেনের ব্যবস্থা চালু হবে।’ অনুষ্ঠানে জানানো হয়, গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরস্থ পশুর হাটগুলোতে পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে কার্ড স্কিম পরিচালনাকারী প্রতিষ্ঠানমাস্টার কার্ড, ভিসা ও আমেরিকান এক্সপ্রেস। ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন ও পরিচালনার জন্য লিড ব্যাংক হিসেবে ৬টি বাণিজ্যিক ব্যাংক (ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, দি সিটি ব্যাংক) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী সংস্থা হিসেবে বিকাশ লিমিটেড ও ইসলামী ব্যাংক এম ক্যাশ একযোগে কাজ করছে।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী প্রমুখ।