মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের সতর্ক করল বিএমইটি

কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের সতর্ক করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটমেন্ট এজেন্টের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে বিএমইটি। গতকাল বুধবার সতর্কতা জারি করে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি এ প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশি কর্মী গমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া, লেভিসহ মালয়েশিয়ায় প্রদেয় সব খরচ কর্মী গ্রহণকারী নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটির ডেটাবেজে নাম নিবন্ধনের জন্য একাধিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এ নিবন্ধন বৈদেশিক কর্মসংস্থানের সহায়ক। তবে কর্মসংস্থানের নিশ্চয়তা নয়। জেনেবুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে হবে। বিএমইটির ডেটাবেজে নিবন্ধন ছাড়া কোনো কর্মী মালয়েশিয়ায় যেতে পারবে না। তাই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটমেন্ট এজেন্টের সঙ্গে সব প্রকার আর্থিক লেনদেন  থেকে বিরত থাকা প্রয়োজন।

বিএমইটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিদেশ গমনের জন্য প্রলোভন ও প্রতারণার ফাঁদে পা দেবেন না। পাসপোর্টসহ মূল্যবান ডকুমেন্ট অন্যের হাতে জমা দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মধ্যস্বত্বভোগীগণ নিরাপদ অভিবাসনের অন্তরায়, তাদের পরিহার করুন। শোনা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান প্রতারণামূলকভাবে প্রচারণা চালাচ্ছে এবং সরকারি অনুমোদন ছাড়াই লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনুমোদনবিহীন বিজ্ঞাপন, প্রতিষ্ঠান ও প্রতারকদের পরিত্যাগ করুন এবং সতর্ক থাকুন।’

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অবৈধ ও আগাম লেনদেনে সম্পৃক্ত রিক্রুটিং এজেন্সি বা তার প্রতিনিধি, ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনসহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে বিএমইটি বলেছে, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণা থেকে রক্ষা পেতে সব দেশের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন এবং অবশ্যই মানি রিসিট সংরক্ষণ করতে হবে। মালয়েশিয়াসহ বিদেশ গমন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনে বিএমইটির ওয়েবসাইট (www.bmet.gov.bd)  ভিজিট অথবা ০৮০০০১০২০৩০ (টোল ফ্রি) নম্বরে কল করে তথ্য ও পরামর্শ নেওয়া যাবে।